সাদুল্লাপুরে মামলা তুলে নিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ

অন্যান্য
সাদুল্লাপুরে মামলা তুলে নিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ
৩১ আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পথরোধ করে হত্যার হুমকি, মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগকারী মোঃ বাদশা শেখ (৪৭) সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি থানায় দেওয়া লিখিত অভিযোগে দাবি করেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে একই এলাকার মোঃ আজাদ মিয়া, মোঃ রোস্তম আলী ও মোঃ সোবাহান মিয়ার সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এ ঘটনায় তিনি আদালতে একটি সিআর মামলাও দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পাকুরিয়া ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে সড়কে অভিযুক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন বাদশা শেখের পথরোধ করেন।
এ সময় তার গলায় ধারালো ছোরা ধরে আদালতে দায়ের করা সিআর মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। মামলা না তুললে তাকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

বাদশা শেখের অভিযোগ, একপর্যায়ে অভিযুক্তরা তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তার পরনের পাঞ্জাবির পকেটে থাকা ব্যবসায়ের নগদ ৪৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।

পরে অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন তাকে অজ্ঞাত একটি অটোরিকশায় করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তিনি চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বাদশা শেখ সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তকালে ঘটনার প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দেবেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।