গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ

রাজধানী
গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ

রাজধানীর গেন্ডারিয়ায় গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাঁদের একজন পথচারী সিয়াম

৩১ আগস্ট ২০২৬, ২:২৮ এএম

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক নিয়ে দ্বন্দ্বে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন চা–দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও পথচারী আশা আক্তার (২০)।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মো. রিপন বিষয়টি নিশ্চিত করেন।

মো. রিপন প্রথম আলোকে বলেন, গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।

এ ঘটনার বিষয়ে পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, মাদক নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তাঁর ভাগনে রাসেল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অটো সজলের লোকজনকে মারধর করেন। পরে মনির হোসেন ওই এলাকার বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে তাঁর কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে আলমগীরের মাথায়, সিয়ামের বুকের বাঁ পাশে ও আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।

হাসপাতালে আহত আলমগীরের বাবা সাইদুল ইসলাম সময় প্রতিদিনকে  বলেন, আলমগীর বাসায় ছিলেন। কে বা কারা তাঁকে ডেকেছিল। বাসা থেকে বের হয়ে চা–দোকানের দিকে যেতেই গুলিবিদ্ধ হন আলমগীর।