উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়িতে মামলা ও জরিমানা
বাংলাদেশে এই প্রথমবারের মতো কোনো দায়িত্বরত মন্ত্রীর পতাকাবাহী গাড়ি উল্টোপথে চালানোর দায়ে মামলা ও জরিমানার মুখে পড়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়িটি ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে চলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ মামলাটি দায়ের করে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে ঢাকার সার্কিট হাউজ রোড ধরে একটি পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টো পথে যাচ্ছিল। ঘটনাচক্রে, ঠিক সেই সময়েই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সিগন্যাল মেনে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।
আইন ভঙ্গের বিষয়টি নজরে আসামাত্রই সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে দেন। চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি অবগত করা হয় এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি পৃথক ধারায় মামলা দায়ের করা হয়। এতে মোট ৬ হাজার টাকা (৩ হাজার + ৩ হাজার) জরিমানা করা হয়েছে।
ঘটনার সময় গাড়িতে স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলায় মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম এবং নজিরবিহীন। এর আগে যানজট এড়াতে বা দ্রুত পৌঁছাতে অনেক প্রভাবশালী ব্যক্তির গাড়ি উল্টোপথে চললেও এবার কঠোরভাবে আইন প্রয়োগ করা হলো।’
তিনি আরও উল্লেখ করেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক সিগন্যাল মেনে চলাফেরা করছেন, সেখানে সরকারের শীর্ষ ব্যক্তিদের জন্য এই পদক্ষেপটি একটি বড় বার্তা হিসেবে কাজ করবে।







আপনার মতামত লিখুন