পদোন্নতির জটে নন-বিসিএস পুলিশ, মাঠে কমছে কর্মস্পৃহা

জাতীয়
পদোন্নতির জটে নন-বিসিএস পুলিশ, মাঠে কমছে কর্মস্পৃহা
৩১ আগস্ট ২০২৬, ২:১৬ এএম

মাঠপর্যায়ে পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও বছরের পর বছর একই পদে আটকে থাকতে হচ্ছে অনেক নন-বিসিএস কর্মকর্তাকে। বিভাগীয় পরীক্ষাসহ প্রয়োজনীয় সব ধাপ শেষ করে পদোন্নতির তালিকায় (পিএল) নাম ওঠার পরও মিলছে না কাঙ্ক্ষিত পদোন্নতি। দীর্ঘ এই অপেক্ষায় কর্মকর্তাদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে পেশাগত মনোবল ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায়।

পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে থাকা কর্মকর্তারা মূলত থানায় মামলা তদন্ত, অপরাধী শনাক্ত, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানসহ সরাসরি মাঠের কাজ পরিচালনা করেন। তবে, একই পদে এক দশক বা তারও বেশি সময় কাটিয়ে দেওয়ায় তাদের অনেকের মধ্যেই পেশাগত ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পদোন্নতির জটের এই চিত্র পাওয়া গেছে। তবে, সংবেদনশীল বিষয় হওয়ায় তারা কেউই পরিচয় প্রকাশ করতে চাননি।