শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Logo

গাইবান্ধায় তৃতীয় লিঙ্গের বিক্ষোভ

জসিম মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি

জসিম মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, হয়রানি ও জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধা জেলা-এর উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় শতাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রংপুর সদর থানার রানা ওরফে রানী হিজড়া গাইবান্ধার তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। একই সঙ্গে স্থানীয় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

বক্তারা অবিলম্বে মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রানা ওরফে রানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর গানাসাস প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তব্য শেষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

এ বিষয়ে রানা ওরফে রানী হিজড়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন