সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৬জন অসুস্থ হয়ে পড়ে। আজহারুল ইসলাম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তাঁর স্ত্রী, মা, ছেলে ও মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
অসুস্থ অবস্থায় আজহারুলকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজহারুল বড়দল বাজারের মুদি ব্যবসায়ী।
উল্লেখ্য, পটকা মাছটি ভীষণ বিষাক্ত এবং প্রাণঘাতী। পটকা মাছের চামড়া, যকৃৎ (লিভার) এবং ডিম্বাশয়ে টেট্রোডোটক্সিন (TTX) নামক একটি অত্যন্ত তীব্র নিউরোটক্সিন বিষ থাকে যা সায়ানাইডের চেয়েও প্রায় ১,২০০ গুণ বেশি শক্তিশালী। এই মাছ সঠিকভাবে সম্পূর্ণ বিষমুক্ত করে কাটতে না পারলে তা রান্না করার পরও বিষাক্তই থেকে যায় এবং এটি খাওয়ার কিছুক্ষণের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে।


