সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাজারে টাওয়ার থেকে পড়ে মাসুম (যুবক) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে বংশীপুর বাজারে গ্রামীণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ওপর স্থাপিত টাওয়ার থেকে নিচে পড়ে যান তিনি।
এ সময় একটি দোকানের অ্যালুমিনিয়ামের ছাউনির ওপর পড়লে ছাউনিটি ভেঙে তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মাসুমকে মৃত অবস্থায় দেখতে পান। নিহত মাসুম শ্যামনগর উপজেলার বংশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়া এলাকার বাসিন্দা।
তার বাবার নাম আব্দুল মজিদ। তবে কী কারণে বা কীভাবে তিনি টাওয়ারের ওপর উঠেছিলেন এবং সেখান থেকে নিচে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

