সাতক্ষীরার কালিগঞ্জে একটি ছোট শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার অবৈধ যান ট্রলি যমুনার খালে পড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাইপাস সড়কের বিশিষ্ট ব্যবসায়ী মতি হাজির মৎস্য প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলিটি বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় সড়কের উপর একটি ছোট শিশু চলে এলে তাকে বাঁচাতে গিয়ে ট্রলিটির চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে ট্রলিটি সড়ক থেকে ছিটকে পাশের যমুনার খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ ঘটনায় ট্রলিতে থাকা হেলপার আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এদিকে, খালে পড়ে যাওয়া খালি ট্রলিটি উদ্ধারে স্থানীয়দের উদ্যোগে কাজ চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে বাঁচাতে চালক তাৎক্ষণিক ভাবে ট্রলিটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি রাস্তা থেকে ছিটকে খালে পড়ে যায়। তবে চালকের দক্ষতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

