বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় এগিয়ে এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) থেকে এসব প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন সময়সূচি নির্ধারণ করেছে। এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান চালু রাখা যাবে।
এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। একই সময়ের পর বিভিন্ন ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি, ওষুধের দোকানসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই সময়সূচির আওতামুক্ত থাকবে।
সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নতুন নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনা এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

