শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Logo

বরের গাড়ি থামিয়ে নববধূকে ‘অপহরণ’

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়ি আটকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় মাইক্রোবাসটিতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করেছেন বরের স্বজনরা।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে ২০ থেকে ২৫ যুবক গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এ সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

হোসেনপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কনের পরিবারের কাছ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এলাকাবাসীর কাছে জানা গেছে, তামান্নার সঙ্গে মিয়াদ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে রাজি না হওয়ায় মিয়াদ এ কাজটি করেছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন