২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ পেসার

খেলা
২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ পেসার
৮ আগস্ট ২০২৬, ৬:১৭ পিএম

মাত্র ২৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের পেসার জন টার্নার। দীর্ঘদিন ধরে পিঠের ইনজুরিতে ভুগছিলেন তিনি। সুস্থ হয়ে উঠতে না পারায় বাধ্য হয়েই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন এই ইংলিশ পেসার।

এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন টার্নার। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলতে পারাটা আমার শৈশবের সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার চেয়ে কম ছিল না।’

Jofra Archer presents John Turner with his cap on T20I debut, West Indies vs England, 4th T20I, Gros Islet, November 16, 2024

পিঠের স্ট্রেস ফ্র্যাকচারে ২০২৫ সালের জুন থেকে মাঠের বাইরে আছেন টার্নার। তিনি আরও বলেন, ‘আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। স্ট্রেস ফ্র্যাকচারে আমি এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে। এই চোট দীর্ঘ ইতিহাস ক্রিকেটার হিসেবে এবং ক্রিকেটের বাইরের ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত মনে হয়েছে জীবনের পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণের এটাই সঠিক সময়।’

২০২৪ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টার্নারের। পরের মাসে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় তার। একই বছরের নভেম্বরে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩ উইকেট শিকার করেছেন টার্নার।